সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত শিশু লক্ষ্মীপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকা থেকে অপহরণের দুই দিন পর শিশু মো. রাফিনকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে উদ্ধার করে র‌্যাব। এ ছাড়া ‘অপহরণকারীকে’ গ্রেপ্তারের দাবি করেছে র‍্যাব।

ওমানপ্রবাসী টিপু সুলতানের ছেলে রাফিনকে (৭) গত মঙ্গলবার অপহরণ করা হয়। পরে সাড়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীর র‌্যাব-১১-এর ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে লে. কমান্ডার গোলজার হোসেন বলেন, অপহরণকারীর নাম মো. হাকিম।

গোলজার হোসেন বলেন, রাফিনের মা-ও ওমানপ্রবাসী। তাই সে তার মামা রফিকুল ইসলামের সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা বউবাজারে থাকে। পূর্বপরিচয়ের সূত্র ধরে হাকিম ওই বাসায় বেড়াতে আসেন। আইসক্রিম খাওয়ানোর কথা বলে কৌশলে রাফিনকে অপহরণ করেন। পরে রাফিনের মামার মুঠোফোনে সাড়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করা হয়। পরিবারের পক্ষ থেকে র‌্যাব-১১-এর ব্যাটালিয়ন সদর দপ্তরে এসে অপহরণের বিষয়টি অবহিত করা হয়। পরে র‍্যাব অভিযান শুরু করে। কিন্তু বিষয়টি টের পেয়ে হাকিম বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন বটতলী রাস্তার মাথায় একটি বাস কাউন্টারে রাফিনকে ফেলে রেখে পালিয়ে যান। সেখান থেকে রাফিনকে র‌্যাব উদ্ধার করে। র‌্যাবের আরেকটি দল নোয়াখালীর চাটখিলে অভিযান চালিয়ে হাকিমকে আটক করে।