সিদ্ধিরগঞ্জে ইজারার শর্ত ভঙ্গ করে দোকান নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিমরাইল মোড়ে পাউবোর আওতাধীন ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) সেচ প্রকল্পের জমিতে ইজারার শর্ত লঙ্ঘন করে নির্মিত অবৈধ স্থাপনা। ২০ এপ্রিল তোলা ছবি l প্রথম আলো
শিমরাইল মোড়ে পাউবোর আওতাধীন ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) সেচ প্রকল্পের জমিতে ইজারার শর্ত লঙ্ঘন করে নির্মিত অবৈধ স্থাপনা। ২০ এপ্রিল তোলা ছবি l প্রথম আলো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভূমি ইজারা নিয়ে শর্ত ভঙ্গ করে ৩০টি দোকান নির্মাণ করা হচ্ছে। প্রতিটি দোকানের জন্য গড়ে ‘পাঁচ লাখ টাকা’ নেওয়া হচ্ছে। দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার এ কাজে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের এক নেতা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শিমরাইল মোড়ে পাউবোর আওতাধীন ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) সেচ প্রকল্পের আটি মৌজায় ১০ শতাংশ ভূমি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে দুই বছরের জন্য গত ১১ ফেব্রুয়ারি ইজারা নেন মো. সাদেক নামের এক ব্যক্তি। নার্সারি (ফুল, ফল, ঔষধি গাছের চারা) করার জন্য ইজারা নেওয়া এ ভূমির বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। কিন্তু ইজারা দেওয়া হয়েছে মাত্র ৯৮ হাজার ৫০০ টাকায়।
ইজারার শর্তে বলা হয়েছে, এ ভূমিতে কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণ করা যাবে না। ভূমি ব্যবহারকারীরা পাউবো বা সরকারের প্রয়োজনে ভূমি ছেড়ে দিতে বাধ্য থাকবেন। ইজারাদার কোনো অবস্থাতেই অন্য কারও কাছে ইজারা বা ভাড়া দিতে পারবেন না। নার্সারি-সংক্রান্ত ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য সরকারের সব বিধিবিধান অনুসরণ করতে হবে। ইজারা দেওয়া ভূমিতে জনসাধারণ ও যানবাহনের চলাচলে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। চলতি বছরের মার্চ থেকে ইজারা কার্যকর হবে।

পাউবোর জমিতে আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের সাইনবোর্ড
পাউবোর জমিতে আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের সাইনবোর্ড


গত মাসে ওই জমিতে সাইনবোর্ড লাগানো হয়। এতে লেখা হয়, লিজ (ইজারা) সূত্রে এই সম্পত্তির মালিক মো. সাদেক, সার্বিক তত্ত্বাবধানে হাবিবউল্লাহ ও মজিবুর রহমান। ইতিমধ্যে ওই জমিতে টিনশেডের ১৬টি দোকান নির্মাণ করা হয়েছে। এ সময়ের মধ্যে তিনটি দোকান সাইনবোর্ড ঝুলিয়েছে। আরও ১৪টি দোকান নির্মাণের কাজ চলছে।
গতকাল বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, তিনটি দোকানে রাজধানী বিরিয়ানি হাউস, হীরাঝিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও হজরত শাহপরান (র.) হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সাইনবোর্ড রয়েছে। চালুর অপেক্ষায় থাকা প্রতিষ্ঠান তিনটির সাজসজ্জার কাজে নিয়োজিত শ্রমিকেরা প্রথম আলোকে বলেন, কত টাকার বিনিময়ে এসব দোকান নেওয়া হয়েছে, তা তাঁরা জানেন না। এ ছাড়া ইজারার কাগজ ও সাইনবোর্ডে উল্লেখিত ঠিকানায় (সিদ্ধিরগঞ্জের আটি মিজমিজি এলাকায়) গিয়ে সাদেক নামের কাউকে পাওয়া যায়নি। হাবিবউল্লাহ এলাকার প্রভাবশালী ভূমি ব্যবসায়ী। শিমরাইল মোড়ে হাবিবউল্লাহ মার্কেটের মালিক। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে চার-পাঁচজন স্থানীয় বাসিন্দা বলেন, পাঁচ লাখ টাকা করে আগাম নিয়ে প্রতিটি দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে। সাদেকের নামে ইজারা নেওয়া হলেও এর নেপথ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান।

মুঠোফোনে যোগাযোগ করলে মজিবুর প্রথম আলোকে বলেন, ‘সাদেক ইজারা এনেছেন। কিন্তু তাঁর কাছে টাকা না থাকায় মার্কেট করার জন্য আমার কাছ থেকে টাকা নিয়েছেন। আমি সেখানে অনেক টাকা ইতিমধ্যে বিনিয়োগ করেছি।’ 

নাম প্রকাশ না করার শর্তে পাউবোর একজন কর্মকর্তা বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইজারার শর্ত ভঙ্গ করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।