সিদ্ধিরগঞ্জে কিশোরী ধর্ষণের শিকার
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় খালার বাসায় বেড়াতে এসে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। আপন খালু দুলাল মিয়া তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় গতকাল রোববার দুপুরে ওই কিশোরীর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছে। পুলিশ দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, ১৭ মে ওই কিশোরী কাঁচপুর এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার খালার বাসায় বেড়াতে আসে। রাতে বাসার সবাই ঘুমিয়ে পড়লে দুলাল মিয়া (৩৫) কিশোরীকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ২৩ মে কাঁচপুরে এ বিষয়ে সালিস বৈঠক বসে। পরে স্থানীয় লোকজন দুলাল মিয়াকে আটক করে সোনারগাঁ থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। ধর্ষণের ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় হওয়ায় সোনারগাঁ থানার পুলিশ দুলাল মিয়াকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ ঘটনাটি স্বীকার করে জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দুলাল মিয়াকে।