সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় গতকাল শুক্রবার ছুরিকাঘাতে মো. রুবেল নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
রুবেল সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এম ডব্লিউ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে মিজমিজি এলাকার কলেজছাত্র রুবেল মসজিদে যাওয়ার সময় কয়েকজন বখাটে তার পথরোধ করে। এ সময় তারা রুবেলকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ রুবেলের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ শাহ্ আলম, শামীম ও রেজাউল নামের তিনজনকে আটক করেছে।
মো. রুবেলের মা জমিলা খাতুন বলেন, সন্ত্রাসীরা বিনা কারণে ছুরিকাঘাত করে তাঁর ছেলেকে হত্যা করেছে। তিনি ছেলের খুনিদের বিচার দাবি করেন।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার পায়ের সঙ্গে পা লাগাকে কেন্দ্র করে রুবেলের সঙ্গে একই এলাকার কয়েকজনের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ নিয়ে এ ঘটনা ঘটতে পারে। এ ছাড়া প্রেমঘটিত কারণেও এই হত্যাকাণ্ড ঘটতে পারে।