সিদ্ধিরগঞ্জে ডাইং কারখানায় হামলার ঘটনায় দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি উত্তরপাড়া এলাকার একটি ডাইং কারখানায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ বাদী হয়ে গতকাল বুধবার মামলা দুটি দায়ের করে।
পুলিশ জানায়, ভিবজিউর নিট কম্পোজিট লিমিটেড নামের ওই কারখানার ব্যবস্থাপক খালেদ হোসেন বাদী হয়ে গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম, আলাউদ্দিন, সবুজ মিয়া, মিন্টু, মহিউদ্দিন, অনু মিয়া, জুয়েল ও জিবান এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জন প্রধান ফটক ভেঙে কারখানায় প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালান।
অন্যদিকে ঘটনার সময় পুলিশের ওপর হামলার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাজহার বাদী হয়ে গতকাল একই সময়ে আরেকটি মামলা করেন। মঙ্গলবারের সংঘর্ষের সময় এসআই মাজহারসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছিলেন। এ মামলাতেও ওই আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।