সিদ্ধিরগঞ্জে ডোবায় মাদ্রাসাছাত্রের লাশ
নারায়ণগঞ্জ নগরের সিদ্ধিরগঞ্জে নিখোঁজ হওয়ার এক দিন পর ডোবা থেকে নাজমুল ইসলাম নামের পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার ডোবা থেকে নাজমুলের (১০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নাজমুল মিজমিজি পাইনাদী এলাকার রফিকুল ইসলামের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, শনিবার সকালে নাজমুল তার মাদ্রাসায় যায়। কিন্তু মাদ্রাসা বন্ধ থাকায় সে বাড়ি ফিরে আসে। এরপর বাবার কাছ থেকে ১০ টাকা নিয়ে সে আবার বাসা থেকে বের হয়। এরপর সে নিখোঁজ হয়। গতকাল দুপুরে তার বাবা রফিকুল সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। এ সময় খবর আসে পাইনাদী এলাকার ডোবায় একটি লাশ ভাসছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় রফিকুল এটিকে ছেলের লাশ হিসেবে শনাক্ত করেন। নাজমুলের পরিবার সিদ্ধিরগঞ্জের একটি বাসায় ভাড়া থাকত।
ওসি আবদুস সাত্তার আরও বলেন, নিহত নাজমুলের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।