সিদ্ধিরগঞ্জে তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের দক্ষিণ এনায়েতনগর এলাকায় গত বুধবার রাতে আবদুল্লাহ নীরব (২৬) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আবদুল্লাহ দক্ষিণ এনায়েতনগর এলাকার শুক্কুর মিয়ার বাড়ির ভাড়াটিয়া নূর মোহাম্মদ মিয়ার ছেলে।
আবদুল্লাহর পরিবার, এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার কয়েকজন যুবক বুধবার রাতে আবদুল্লাহকে বাসা থেকে ডেকে নিয়ে যান। গভীর রাতে অচেতন অবস্থায় তাঁরা আবদুল্লাহকে বাসার সামনে রেখে পালিয়ে যান। এরপর আবদুল্লাহর স্বজনেরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় ওই হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু তাঁর স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে বাসায় নিয়ে যান। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁর অবস্থার আরও অবনতি হলে তাঁকে আবারও নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, আবদুল্লাহর মাথায় ও বগলের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর হাতের আঙুলেও আঘাতের চিহ্ন আছে।