সিদ্ধিরগঞ্জে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গতকাল শনিবার অজ্ঞাতপরিচয় (২০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গোদনাইলের লক্ষ্মীনারায়ণ এলাকা ঘাট থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর গোদনাইল লক্ষ্মীনারায়ণ এলাকায় নদীর ঘাটে ওই নারীর লাশ গতকাল বিকেল চারটার দিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তাঁর মাথা ব্যান্ডেজ করা ছিল।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই নারীকে ১০-১২ দিন আগে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।