সিদ্ধিরগঞ্জে পুলিশের গুলি, দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল মঙ্গলবার পুলিশের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন জাহিদ মিয়া (৩২) ও সোলেমান (৪০)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি প্রাইভেট কারকে জায়গা না দেওয়াকে কেন্দ্র করে ঢাকাগামী প্রিন্স পরিবহনের বাস চালকের সঙ্গে সাগর ও শাহজালাল নামের দুই ব্যক্তির বাগ্বিতণ্ডা হয়। সাগর ও শাহজালাল ওই প্রাইভেট কারের আরোহী। একপর্যায়ে সাগর ও শাহজালালের লোকজন ওই বাসচালককে গাড়ি থেকে নামিয়ে আটকে রেখে মারধর করেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চালককে উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। চালককে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় সাগর ও শাহজালালের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান দিয়ে কয়েকটি গুলি ছোড়ে।