সিদ্ধিরগঞ্জে পুলিশের ছররাগুলিতে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে পুলিশের ছোড়া শর্টগানের ছররায় দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন জাহিদ মিয়া ও সোলেমান। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, সানারপাড় এলাকায় একটি সমবায় সমিতির পরিচালক সাগর ও শাহজালালের গাড়িকে পাশ (সাইড) দেওয়াকে কেন্দ্র করে ওই গাড়ির চালকের সঙ্গে ঢাকাগামী প্রিন্স পরিবহনের বাসের চালকের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে সাগর ও শাহজালালের লোকজন ওই বাসচালককে গাড়ি থেকে নামিয়ে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই বাসচালককে উদ্ধার করে। তাঁকে নিয়ে আসার সময় সাগর ও শাহজালালের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে জাহিদ ও সোলেমান আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাহিদ মিয়া জানান, তিনি একটি গার্মেন্টসে চাকরি করেন। বাসা সানারপাড় এলাকায়। বাসার পাশের দোকানের আটা কিনতে এলে হঠাৎ গুলি পায়ে লাগে। আহত সোলেমান দাবি করেন, তিনি একজন দিনমজুর। কাজ শেষে বাসায় ফেরার পথে আহত হন।