সিদ্ধিরগঞ্জে ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবারক হোসেন নামের এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার জনস্বাস্থ্য জেনারেল হাসপাতাল নামে একটি ক্লিনিকে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিলু রায় পরিচালিত আদালত ওই দণ্ডাদেশ দেন। শিলু রায় বলেন, ভুয়া এমবিবিএস ডাক্তার মোবারক হোসেন সিদ্ধিরগঞ্জের গোদনাইলের চৌধুরীবাড়ি এলাকার এ আর কমপ্লেক্স ভবনের একটি ফ্লোর ভাড়া নিয়ে ওই ক্লিনিক গড়ে তোলেন। মোবারক হোসেন নিজেই এ ক্লিনিকের সিজারিয়ান অপারেশন, অপারেশনের রোগীকে অ্যানেসথেসিয়া দেওয়াসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। সম্প্রতি তাঁর ভুল চিকিৎসায় একজন রোগীর মৃত্যু হয়। পরে রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় মোবারক হোসেনের ডাক্তারির সনদ পরীক্ষা করে ভুয়া বলে প্রমাণিত হয়। তাঁর কাছ থেকে ভারত ও চীনসহ বেশ কয়েকটি দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক জাল সার্টিফিকেট ও সার্টিফিকেট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।