সিদ্ধিরগঞ্জে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১০ জন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আরামবাগ এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে জেলা যুবলীগের সাবেক সহসভাপতি সেলিম পাঠান ওরফে টুন্ডা সেলিমের সঙ্গে ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আমির হোসেনের সঙ্গে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জেলা যুবলীগের সাবেক সহসভাপতি সেলিম পাঠান গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে সেলিম পাঠান, আনোয়ার হোসেন ও লিয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নারায়ণগঞ্জ হাসপাতালের চিকিৎসক হাম্মাদ আলী ভূঁইয়া জানান।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।