নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সানারপাড় সোনা মিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সানারপাড় সিকোটেক্স গার্মেন্টস থেকে ঝুট নিচ্ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন। তোফায়েল গত সিটি নির্বাচনে এই ওয়ার্ড থেকে সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। নির্বাচনের পর এ ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন স্থানীয় যুবলীগ নেতা ফারুক। কয়েক দিন ধরেই ফারুকের নেতৃত্বে তাঁর সহযোগীরা এলাকায় মহড়া দিচ্ছিলেন। গতকাল দুপুরে ফারুকের নেতৃত্বে ১৫-২০ জন ওই গার্মেন্টস থেকে ঝুট নামাতে একটি ট্রাক নিয়ে যান। এ সময় কর্তৃপক্ষ তাঁদের ঝুট দিতে অস্বীকৃতি জানায়। খবর পেয়ে তোফায়েল হোসেন জোর করে ঝুট নেওয়ার কারণ জানতে চাইলে দুই পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ পাঁচজন আহত হন।