সিদ্ধিরগঞ্জে ৩ কারখানার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মশার কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার আদালত তিনটি কারখানার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেন। পাশাপাশি কারখানা তিনটি সিলগালা করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী পরিচালিত আদালত ওই অভিযান চালান। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক জাফরুল আলম, উপব্যবস্থাপক আবদুল কবীর, সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মাহবুব হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, অভিযান চলাকালে মৌচাক এলাকার তোফাজ্জল হোসেনের মালিকানাধীন কালাম কেমিক্যাল ওয়ার্কস, সানারপাড় সাহেব পাড়ার জাহাঙ্গীরের মালিকানাধীন শাহ কেমিক্যাল ও ধনুহাজী রোড এলাকার আবিদ হোসেনের মালিকানাধীন মেসার্স হক অ্যান্ড সন্স কারখানার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে কারখানা তিনটি সিলগালা করে দেওয়া হয়। তিতাস কর্তৃপক্ষ এ সময় কারখানাগুলোর রাইজার, ১৫০ ফুট হোস পাইপ ও গ্যাস-সংযোগের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

ইউএনও আফরোজা আক্তার চৌধুরী বলেন, অভিযানের খবর পেয়ে কারখানাগুলোর মালিকেরা পালিয়ে যান। পরবর্তী সময়ে কারখানা ও জায়গার মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।