সিদ্ধিরগঞ্জে 'মাদক বিক্রেতা' গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসামি ধরতে অভিযান চালানোর সময় পুলিশের শর্টগানের গুলিতে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে মিজমিজি টিসি রোডের তালতলা শাগি মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দেলোয়ার একজন চিহ্নিত মাদক বিক্রেতা। পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে তিনি গুলিবিদ্ধ হন।
জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহ বলেন, মোক্তার নামের এক সহযোগীকে নিয়ে দেলোয়ার হোসেন গতকাল সকাল সাতটার দিকে তাঁর বড় ভাই আবদুল লতিফ মিয়াকে কুপিয়ে আহত করেন। এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। এরপর উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আসামি গ্রেপ্তার করতে ওই এলাকায় যায়। এ সময় দেলোয়ার ও তাঁর সহযোগী মোক্তারসহ অন্যরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের শর্টগানের গুলিতে দেলোয়ার আহত হন। মোক্তার পালিয়ে যান। দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, হামলায় এসআই সাখাওয়াতসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দেলোয়ার ও মোক্তার মাদক বিক্রেতা। তাঁদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।