সিদ্ধেশ্বরীতে গৃহকর্মী খুন
নিখোঁজ হওয়ার এক দিন পর গত শনিবার পুলিশ রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার একটি নির্মাণাধীন ভবনের সীমানার ভেতর থেকে মিনা আক্তার (১৪) নামের এক শিশু গৃহকর্মীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, তাকে ধর্ষণের পর মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি বলেছেন, শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। রমনা থানার পুলিশ বলেছে, গৃহকর্মী মিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক জাকির আহমেদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। অধ্যাপক জাকির সপরিবারে সিদ্ধেশ্বরীর একটি অ্যাপার্টমেন্টে নিজ ফ্ল্যাটে থাকেন। শনিবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাসার পেছনে নির্মাণাধীন বাড়ির সীমানার ভেতর থেকে মিনার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার আঙুলে কামড়ের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শনিবার রাতে অধ্যাপক জাকির বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল রোববার দুপুরে মিনার লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
ঘটনার পর পুলিশ জাহানারা অ্যাপার্টমেন্ট নামের ওই ভবনে ঢোকা ও বের হওয়ার পথের ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) থেকে ভিডিও ফুটেজ জব্দ করেছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, নির্মাণাধীন ভবন বা আশপাশে ধর্ষণের পর শিশুটিকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় নির্মাণাধীন বাড়ির গুদামরক্ষকসহ দুজন ও শিশুটিকে কাজে দেওয়া আরেক গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্মাণাধীন ভবনের ছয়জন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে।
জাকির আহমেদের স্ত্রী উম্মে হানি গতকাল প্রথম আলোকে বলেন, ঈদের দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর একমাত্র মেয়ে তানিসা ও গৃহকর্মী মিনাকে বাসায় রেখে বাইরে থেকে তালা দিয়ে এক বাসায় দাওয়াত খেতে যান। রাত আটটার দিকে তাঁর মেয়ে ফোন করে জানায়, মিনাকে বাসায় পাওয়া যাচ্ছে না। তাঁরা ফিরে এসে মিনার সন্ধান পাননি। পরদিন সকালে বাসা থেকে নিচে নেমেই তাঁরা লোকমুখে মিনার মৃত্যুর খবর শুনতে পান। পরে পাশের বাড়িতে গিয়ে মিনার লাশ শনাক্ত করেন।
গৃহকর্ত্রী উম্মে হানি বলেন, তাঁর ধারণা, মিনা বাসায় রাখা বিকল্প চাবি দিয়ে তালা খুলে বেরিয়ে গেছে। ঈদের দুই দিন আগেও মিনা বেরিয়ে গিয়ে পরদিন ফিরে এসেছিল। তিনি জানান, ২০১০ সালের মার্চে তাঁদের ভবনের পরিচ্ছন্নতাকর্মী কুলসুম বেগম মিনাকে কাজে দিয়েছিলেন। কুলসুম তখন বলেছিলেন, মিনা তাঁর বোনের মেয়ে। কিন্তু মিনা নিজেও তার মা-বাবা বা গ্রামের নাম বলতে পারেনি।
নির্মাণাধীন ভবনের অন্যতম মালিক তোফায়েল খানের ধারণা, এই ভবনের কর্মীরা হত্যায় জড়িত নন।
পুত্রবধূর হাতে শাশুড়ির মৃত্যু: গত ৫ আগস্ট মোহাম্মদপুরের বছিলা বড় মসজিদের পাশের বাসায় পুত্রবধূর ধাক্কায় আহত শাশুড়ি ইবাতুননেছা (৬৮) শনিবার দুপুরে মারা যান। এ ঘটনায় ওই পুত্রবধূ শিরিন আক্তারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন শিরিনের স্বামী আনোয়ার হোসেন। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) জালালউদ্দিন বলেন, রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ইবাতুননেছাকে বাসায় নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। আসামি শিরিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।