সিদ্ধেশ্বরীতে গৃহকর্মী হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক জাকির আহমেদের বাসার গৃহকর্মী মিনা আক্তার হত্যার ঘটনায় আটক নির্মাণশ্রমিক একরামুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার দুপুরে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, শনিবার নির্মাণাধীন যে ভবন থেকে মিনা আক্তারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়, ওই দিন একই ভবনের নির্মাণশ্রমিক একরামুল হককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছে। প্রয়োজনে এ মামলায় তাঁর রিমান্ডের আবেদন করা হতে পারে।
নিখোঁজ হওয়ার এক দিন পর গত শনিবার পুলিশ রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার একটি নির্মাণাধীন ভবনের সীমানার ভেতর থেকে মিনা আক্তারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, তাকে ধর্ষণের পর মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তে সম্পৃক্ত এক ব্যক্তি বলেন, শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। রমনা থানার পুলিশ বলছে, গৃহকর্মী মিনা অধ্যাপক জাকির আহমেদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। জাকির সপরিবারে সিদ্ধেশ্বরীর একটি অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাটে থাকেন। শনিবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাসার পেছনে নির্মাণাধীন বাড়ির সীমানার ভেতর থেকে মিনার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার আঙুলে কামড়ের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শনিবার রাতে অধ্যাপক জাকির বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল রোববার দুপুরে মিনার লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
ঘটনার পর পুলিশ জাহানারা অ্যাপার্টমেন্ট নামের ওই ভবনে ঢোকা ও বের হওয়ার পথের ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) থেকে ভিডিও ফুটেজ জব্দ করেছে।
জাকির আহমেদের স্ত্রী উম্মে হানি গতকাল প্রথম আলোকে বলেন, ঈদের দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর একমাত্র মেয়ে তানিসা ও গৃহকর্মী মিনাকে বাসায় রেখে বাইরে থেকে তালা দিয়ে এক বাসায় দাওয়াত খেতে যান। রাত আটটার দিকে তাঁর মেয়ে ফোন করে জানায়, মিনাকে বাসায় পাওয়া যাচ্ছে না। তাঁরা ফিরে এসে মিনার সন্ধান পাননি। পরদিন সকালে বাসা থেকে নিচে নেমেই তাঁরা লোকমুখে মিনার মৃত্যুর খবর শুনতে পান। পরে পাশের বাড়িতে গিয়ে মিনার লাশ শনাক্ত করেন।
উম্মে হানি বলেন, তাঁর ধারণা মিনা বাসায় রাখা বিকল্প চাবি দিয়ে তালা খুলে বেরিয়ে যায়। ঈদের দুই দিন আগেও মিনা বেরিয়ে গিয়ে পরদিন ফিরে এসেছিল। তিনি জানান, ২০১০ সালের মার্চে তাঁদের ভবনের পরিচ্ছন্নতাকর্মী কুলসুম বেগম মিনাকে কাজে দিয়েছিলেন। কুলসুম তখন বলেছিলেন, মিনা তাঁর বোনের মেয়ে। কিন্তু মিনা নিজেও তার মা-বাবা বা গ্রামের নাম বলতে পারেনি।