সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ক্যাম্পাস ও হলে অবস্থানকারী পক্ষ। গতকাল শনিবার দুপুরে ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করেন ওই পক্ষের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা সমবেত হন। পরে ওই স্থান থেকে আকস্মিক বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের ক্যাম্পাস ও হলে অবস্থানকারী পক্ষ। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘ডিজিটাল বাংলাদেশের অগ্রদূত, তারুণ্যের অহংকার, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ লেখা ব্যানার বহন করেন। জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায় বলেন, ক্যাম্পাসে অবস্থানকারী ছাত্রলীগের নেতা-কর্মীরা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে মনে করে কর্মসূচি পালন করেছেন।
ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে ছাত্রলীগের এভাবে মিছিল করা ঠিক হয়নি।
গত বছরের ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সুমনচন্দ্র দাস নামের ছাত্রলীগের কর্মী নিহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রায় দুই মাস বন্ধ থাকে। বিশ্ববিদ্যালয় খোলার আগে গত ১০ জানুয়ারি সিন্ডিকেটের ১৯০তম সভায় ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সভা-সমাবেশ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়।