সিন্দুক থেকে সোনা ও টাকা উদ্ধারের ঘটনায় মামলা
চট্টগ্রামে সিন্দুক থেকে সোনার বার ও টাকা উদ্ধারের ঘটনায় চোরাচালানের অভিযোগে মামলা হয়েছে। আজ মঙ্গলবার রাতে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আফতাব হোসেন কোতোয়ালি থানায় এ মামলা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন রাতে প্রথম আলোকে বলেন, আবু আহমেদ নামের নগরের রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ীকে আসামি করে মামলা হয়েছে। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
ওসি আরও বলেন, আবু আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এখনও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ছাড়া সোনার বারও টাকাগুলোর মালিকানা দাবি করে কেউ থানায় আসেনি।
গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত নগরের বিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটের ষষ্ঠ তালার দুটি কক্ষে অভিযান চালিয়ে তিনটি সিন্দুক জব্দ করে নগর গোয়েন্দা পুলিশ। পরে সেগুলো নগরের কোতোয়ালি থানায় নিয়ে খোলা হয়। ওইদিন রাত ১২ টার দিকে পুলিশ তিনটি সিন্দুকের মধ্যে একটিতে ২৫০ টি সোনার বার, আরেকটিতে ৬০ লাখ টাকা পায়। অপর সিন্দুকটি খুলে কিছুই পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে, সিন্দুক থেকে উদ্ধার করা সোনার বার ও টাকাগুলো আবু আহমেদ নামের এক ব্যবসায়ীর। তার নামেই বাহার মার্কেটের ওই দুটি কক্ষ ভাড়া নেওয়া হয় বলে নিশ্চিত হয়েছে পুলিশ।