সিপিবির সভাপতিকে প্রাণনাশের হুমকি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে তাঁর ব্যক্তিগত ই-মেইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ই-মেইলটি পাঠানো হয়। তিনি আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সেটি দেখতে পান। এ বিষয়ে দলের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সিপিবির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিশন জিহাদের নায়েবে আমির পরিচয় দিয়ে জনৈক নিজাম উদ্দিন সিপিবির সভাপতির ব্যক্তিগত ই-মেইলে প্রাণনাশের হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে মুজাহিদুল ইসলাম সেলিমের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে দলটি।
সিপিবির সভাপতিকে প্রাণনাশের হুমকির বিষয়টি জানিয়ে শাহবাগ থানায় জিডি করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাজ্জাদ জহির চন্দন। শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক মাসুদ রানা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ই-মেইল বার্তায় নানা বিষয়ে লেখার পর শেষ লাইনে বলা হয়েছে, ‘কোপ মাটিতে পরবে না।’