সিপিবির সম্মেলনে পুলিশের বাধা, সাতজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শাখা সম্মেলন পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। সেখান থেকে সিপিবির সাত নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উত্তরা শাখার সম্মেলনে পুলিশ বাধা দেয় বলে গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে দাবি করে সিপিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবি জানায়, সিপিবির উত্তরা কমিটির সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, সিপিবি নেতা শাহ আলম, চৌধুরী জোসেন, জয়নাল অবেদীন, কাউসার আহমেদ রিপন ও সালমান রাহাতকে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ সম্মেলনের উদ্বোধনী সমাবেশে পুলিশ বিনা উসকানিতে হামলা চালায় এবং সিপিবি নেতাদের গ্রেপ্তার করে দক্ষিণখান থানায় নিয়ে যায়। দমন–পীড়ন করে সিপিবির গরিব-মেহনতি মানুষের মুক্তির সংগ্রামকে বন্ধ করা যাবে না বলেও বিবৃতিতে জানানো হয়।
দক্ষিণখান থানার উপপরিদর্শক নান্নু খান বলেন, ‘তাঁদের ব্যানারের সঙ্গে বক্তব্যের মিল ছিল না। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনারের নির্দেশক্রমে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হতে পারে।’