সিভিল সার্জন, প্রকৌশলীসহ চারজন গ্রেপ্তার
দুই ব্যাংকার, একজন উপজেলা প্রকৌশলী ও একজন সিভিল সার্জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির অভিযোগে করা মামলায় গতকাল বুধবার ঢাকা ও চট্টগ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা হলেন সোনালী ব্যাংকের এনসিটিবি শাখার নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন ও ব্যাংকটির কুমিল্লার দেবীদ্বার শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসেন, বরিশালের সাবেক সিভিল সার্জন আফতাব উদ্দিন আহমেদ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) পটিয়া উপজেলা প্রকৌশলী জিয়াউল হক দুলাল।
আফতাব উদ্দিন আহমেদকে তাঁর সেগুনবাগিচার বাসা থেকে গ্রেপ্তার করেন দুদকের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া ভুয়া অনুমোদনপত্রে সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দাম দেখিয়ে ওষুধ ও চিকিৎসাসামগ্রী কেনার মাধ্যমে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে আফতাবসহ ১১ জনের বিরুদ্ধে গত ২১ মার্চ বরিশাল মডেল থানায় মামলা করে দুদক।
জিয়াউল হকের বিরুদ্ধে বাঘাইছড়ি উপজেলায় কর্মরত থাকার সময় প্রকল্পের কাজ ঠিকমতো না করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের ৮ মার্চ বাঘাইছড়ি থানায় মামলা করে দুদক। গতকাল দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়।
মো. মোশারেফ হোসেন ও মো. জাকির হোসেনকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করেন দুদকের সহকারী পরিচালক সেলিনা আখতার ও উপসহকারী পরিচালক জয়নাল আবেদীন। দুদকের মামলায় এজাহারভুক্ত আসামি তাঁরা।