সিভিল সার্জনসহ আটজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহকারী ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগে পিরোজপুরের সিভিল সার্জনসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
২ নভেম্বর মঠবাড়িয়া সহকারী জজ আদালতে হাসপাতালের সাবেক খাবার সরবরাহকারী ঠিকাদার সেলিম মিয়া মামলাটি করেন। বিচারক বাকী বিল্লাহ মামলাটি আমলে নিয়ে প্রধান আসামি শহিদুল হক ও ৫ নম্বর আসামি স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুপারভাইজার সুলতানা পারভীনকে কারণ দর্শাতে বলেছেন এবং সিভিল সার্জনসহ অন্য ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেন।
মামলার আরজি সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের এক বছরের খাদ্য সরবরাহের জন্য ঠিকাদার নিয়োগের জন্য পিরোজপুরের সিভিল সার্জন দরপত্র আহ্বান করেন। দরপত্রে সেলিম মিয়াসহ চারজন ঠিকাদার অংশ নেন। সেলিম মিয়ার দাখিল করা দরপত্রে খাবারের সর্বনিম্ন বাজার দর দেওয়া হলেও তাঁকে ঠিকাদার নিয়োগ না করে ওই দরপত্র সিভিল সার্জন বাতিল করে ১৬ সেপ্টেম্বর পুনরায় দরপত্র আহ্বান করেন। ওই দরপত্রেও সেলিমসহ চারজন অংশ নেন। সেলিম মিয়া সর্বনিম্ন দরদাতা হলেও দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা শহিদুল হককে ঠিকাদার নিয়োগ করা হয়।
মামলার বিবাদী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলী আহসান বলেন, সেলিম মিয়া দ্রব্যমূল্যের দাম বাজার দরের চেয়ে অবিশ্বাস্য কম দেওয়ায় দ্বিতীয় নিম্ন দরদাতাকে ঠিকাদার নিয়োগ করা হয়েছে।
পিরোজপুরের সিভিল সার্জন ফখরুল আলম বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। আদালত থেকে মামলার ব্যাপারে কোনো আদেশ এখনো পাইনি।’