সিভিল সার্জনের অনুপস্থিতিতে সনদ বাণিজ্য
সিভিল সার্জন রয়েছেন এক সপ্তাহের ছুটিতে। কার্যালয়ে উপস্থিত না থাকলেও দেওয়া হচ্ছে তাঁর স্বাক্ষর করা চিকিৎসা সনদ। এ জন্য কার্যালয়ের কর্মচারীরা সনদপ্রতি আদায় করছেন ৫০০-৬০০ টাকা। এই চিত্র মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এই জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। চাকরিতে যোগ দিতে তাঁদের চিকিৎসা সনদ জমা দিতে হচ্ছে। এ জন্য তাঁরা সিভিল সার্জন কার্যালয়ে ভিড় করছেন।
গত মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে দেখা যায়, সিভিল সার্জন দিলীপ কুমার দাস কার্যালয়ে নেই। অফিস সহকারী রাকিবা খাতুন ও ক্যাশিয়ার জালাল উদ্দিনের তত্ত্বাবধানে শিক্ষকদের চিকিৎসা সনদ দেওয়া হচ্ছে। পাঁচ-ছয়জন শিক্ষক সেখানে অপেক্ষা করছেন। সনদের জন্য প্রত্যেক শিক্ষকের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। একটি সনদে দেখা যায়, দিলীপ কুমার দাসের সিল ও স্বাক্ষর রয়েছে। তারিখ উল্লেখ করা হয়েছে ২৮ মার্চ।
কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ মার্চ থেকে সাত দিনের ছুটিতে গেছেন সিভিল সার্জন দিলীপ কুমার দাস। ৩০ মার্চ তাঁর ছুটি শেষ হবে। তবে পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় তিনি ২ এপ্রিল কাজে যোগ দেবেন।
শিবচর উপজেলার হাজি বসরত খাঁর কান্দি এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘চিকিৎসা সনদ ছাড়া বিদ্যালয়ে যোগ দেওয়া যাবে না। তাই সনদ নিতে এসেছি। অফিসে কর্মরত দুজন টাকা চেয়েছেন। জানতে চাইলে তাঁরা বলেন, “নতুন চাকরি হয়েছে। মিষ্টি খাইতে টাকা দিবেন না? এটা তো সবাই দেয়।” আমি তাঁদের ৫০০ টাকা দিয়েছি।’
কালকিনির দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা খাদিজা আক্তার বলেন, ‘তারা ১ হাজার টাকা চেয়েছিল। অনেকবার অনুরোধ করায় ৬০০ টাকায় সনদ দিয়েছে। সনদ ছাড়া বিদ্যালয়ে যোগদান করা যাবে না। তাই বাধ্য হয়েই টাকার বিনিময়ে এই সনদ নিতে হচ্ছে।’
সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী রাকিবা খানম বলেন, ‘আমরা কারও কাছে টাকা চেয়ে নিচ্ছি না। খুশি হয়ে কেউ ২০০-৩০০ টাকা দিচ্ছে। কেউ বা আরও বেশি টাকা দিচ্ছে। এ জন্য কাউকে চাপ দেওয়া হচ্ছে না।’
ক্যাশিয়ার জালাল উদ্দিন বলেন, ‘সব জায়গায় কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। সেটা দেখার কেউ নাই। আর সামান্য কিছু অর্থ নেওয়া হচ্ছে, এটা নিয়ে মাথাব্যথা শুরু করেছেন। এটা তো সিএস (সিভিল সার্জন) স্যারের ফি রাখা হচ্ছে।’
সিভিল সার্জনের অনুপস্থিতিতে কীভাবে সনদ দেওয়া হচ্ছে, জানতে চাইলে অফিসের প্রধান সহকারী জুলফিকার আলী বলেন, ‘সিভিল সার্জন স্যার অনেকগুলো কাগজে স্বাক্ষর করে রেখে গেছেন। সেই সনদগুলো শিক্ষকদের দেওয়া হচ্ছে।’ টাকা আদায় করার বিষয়ে তিনি বলেন, ‘এটা স্যারের (সিভিল সার্জন) সার্টিফিকেট ফি। এটা সব জায়গাতেই নিয়ে থাকে। তাই আমরাও নিচ্ছি।’
ভারপ্রাপ্ত সিভিল সার্জন জহিরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমি অফিসের কোনো কাজ করি না। তবে বিষয়টি দেখছি। অফিসে অনেক কাজ। তাই সব বিষয়ে ভালোভাবে খোঁজ নেওয়া সম্ভব হয় না।’
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘এ সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখি, ঘটনা কী। যদি সিভিল সার্জনের অনুপস্থিতিতে টাকার বিনিময়ে কেউ সনদ দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’