দুই কোটি টাকার দরপত্রে অনিয়মের অভিযোগে নওগাঁর সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত গত বুধবার শুরু হয়েছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক গাজীউল আলম ও প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম এ তদন্ত করছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, বুধবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক গাজীউল আলম ও প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম সিভিল সার্জনের কার্যালয়ে আসেন। তাঁরা এখান থেকে দরপত্র-সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছেন। একই সঙ্গে তাঁরা সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন ও নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহফুজার রহমানকে জিজ্ঞাসাবাদ করেছেন। এ ছাড়া অভিযোগকারী ১০ জন ঠিকাদারের মধ্যে সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা গাজীউল আলম প্রথম আলোকে বলেন, বুধবার দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ তদন্ত কার্যক্রম চলে। অভিযোগের আলোকে সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করা হয়েছে। এ ছাড়া সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেনের কাছ থেকে ১১টি, সদর হাসপাতালের আরএমও মাহফুজার রহমানের কাছ থেকে নয়টি এবং সিভিল সার্জন কার্যালয়ের হিসাবরক্ষক আবুল কালামের কাছ থেকে ১২টি প্রশ্নের উত্তর লিখিতভাবে নেওয়া হয়েছে। তিনি বলেন, তদন্ত কেবল শুরু হয়েছে। এটা একটি চলমান প্রক্রিয়া। তদন্ত প্রতিবেদন জমা দিতে অন্তত চার মাস সময় লাগবে।
সদর হাসপাতালের আরএমও মাহফুজার রহমান বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত দল আমার কাছে দরপত্রে অনিয়মের বিষয়ে জানতে চেয়েছে। এ বিষয়ে যত দূর জানি সেগুলো তাদের বলেছি।’
সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন বলেন, ‘তদন্ত কর্মকর্তারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, আমি তাঁদের উত্তর দিয়ে সাহায্য করেছি। কে দোষী আর কে নির্দোষ সেটা তদন্ত প্রতিবেদনেই প্রমাণিত হবে।’
চলতি বছরের মার্চ মাসে ওষুধসহ বিভিন্ন মালামাল কেনা বাবদ দুই কোটি টাকার দরপত্রে অনিয়মের অভিযোগ তোলেন বঞ্চিত ঠিকাদারেরা। তাঁরা ২০ এপ্রিল সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করেন সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন নিম্ন দরদাতাকে (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা) কাজ দেননি। তিনি দুই কোটি টাকার দরপত্রে ৫০ লাখ টাকা উৎকোচ নিয়ে ঢাকার একটি প্রতিষ্ঠানকে প্রায় আড়াই কোটি টাকায় কাজটি পাইয়ে দেন। উচ্চমূল্যে দরপত্র দেওয়ায় সরকার প্রায় এক কোটি টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বলে তাঁরা অভিযোগ করেন। এ ব্যাপারে ঠিকাদারেরা সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করেন।
গত ২১ এপ্রিল সংশ্লিষ্ট দপ্তরে সিভিল সার্জনের এই অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন বঞ্চিত ১০ জন ঠিকাদার। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রায় চার মাস পর বুধবার তদন্ত কার্যক্রম শুরু হয়।