সিম জালিয়াতি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২
চট্টগ্রামে সিম জালিয়াতির মাধ্যমে বিকাশের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে সাতকানিয়া থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা গ্রামের মো. কুতুব উদ্দিন (৩২) ও কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা গ্রামের মো. ফরহাদ (৩০)। গত শনিবার রাতে উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত রোববার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার কুতুব উদ্দিন বান্দরবান ১ নম্বর গলি এলাকায় বিকাশের এজেন্ট ছিলেন। ফরহাদ বিকাশের সাতকানিয়া-লোহাগাড়ার পরিবেশকের কার্যালয়ে কাজ করতেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ এপ্রিল সাতকানিয়ার রঙ্গীপাড়া এলাকার বাসিন্দা নুরুন্নাহার বেগম থানায় অভিযোগ করেন, তাঁর বিকাশ অ্যাকাউন্ট হিসেবে ব্যবহৃত মুঠোফোনের সিম বন্ধ পাওয়ার পর তিনি সংশ্লিষ্ট মুঠোফোন কোম্পানির সেবাকেন্দ্রে গেলে তাঁকে জানানো হয় সিমটি তুলে নেওয়া হয়েছে। পরে সিমের মালিকানা প্রমাণের পর তাঁকে আবার সিমটি দেওয়া হয়। পরে তিনি দেখতে পান, তাঁর বিকাশ অ্যাকাউন্টে কোনো টাকা নেই। ওই নারীর বিকাশ অ্যাকাউন্টে থাকা ২০ হাজার ৪০০ টাকা তুলে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, তদন্তে পুলিশ দেখতে পায়, একটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনেকগুলো সিম তোলা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই জাতীয় পরিচয়পত্রের মালিক কুতুব উদ্দিন ও তাঁর সহযোগী ফরহাদকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া অঞ্চলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভুঁইয়া বলেন, গত ২৪ মার্চ থেকে ১২ মের মধ্যে কুতুব উদ্দিনের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সাতকানিয়া থেকে অনেকগুলো সিম তোলা হয়।