সিম জালিয়াতির অভিযোগে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে সিমের নিবন্ধন জালিয়াতির ঘটনায় আজ রোববার থানায় অভিযোগ দায়ের করেছেন জাহিদ হাসান নামের এক ব্যক্তি। জাহিদের অভিযোগ, তাঁর জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপ ব্যবহার করে অন্য কারও কাছে সিম বিক্রি করা হয়েছে। শহরের সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের একটি দোকানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে বলা হয়, তাঁর ছবি ও আঙুলের ছাপ ব্যবহার করে গ্রামীণফোনের একটি সিম নিবন্ধন করে অন্যত্র বিক্রি করা হয়েছে। অথচ ওই নম্বরে তাঁর কোনো সিম নেই। গ্রাহকের আইডি ও ছবির সঙ্গে কৌশলে আঙুলের একাধিক ছাপ সংগ্রহ করে এভাবে অপারেটরের সিম নিবন্ধন করে রাখা হচ্ছে। এভাবে একটি আইডি থেকে ২০টি সিম নিবন্ধন করার সুযোগ গ্রহণ করছেন অসাধু ব্যবসায়ীরা।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।