সিম জালিয়াতির বিষয়ে রবির কাছে জানতে চেয়েছে বিটিআরসি
প্রতিস্থাপিত সিম ব্যবহার করে বিকাশ হিসাব থেকে অর্থ চুরির ঘটনার বিষয়ে জানতে চেয়ে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটাকে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত সোমবার এ চিঠি দেয় বিটিআরসি।
সিম জালিয়াতির মাধ্যমে বিকাশের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গত শনিবার রাতে চট্টগ্রামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতকানিয়া উপজেলার মো. কুতুব উদ্দিন (৩২) ও মো. ফরহাদ (৩০)। চট্টগ্রাম পুলিশ জানিয়েছে, আঙুলের ছাপ পদ্ধতিতে নিবন্ধিত ১২০টি সিম জালিয়াতির মাধ্যমে তুলে সেগুলো দিয়ে বিকাশ হিসাব থেকে অর্থ চুরি করেছেন অভিযুক্ত ব্যক্তিরা।
গত রোববার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ এপ্রিল সাতকানিয়ার বাসিন্দা নুরুন্নাহার বেগম অভিযোগ করেন, তাঁর বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম তুলে নিয়ে বিকাশের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, তাঁর বিকাশ অ্যাকাউন্টে ব্যবহৃত মুঠোফোনের সিম বন্ধ পাওয়ার পর তিনি রবির স্থানীয় গ্রাহক সেবাকেন্দ্রে যান। সেখান থেকে তাঁকে জানানো হয়, তাঁর ব্যবহৃত সিমটি অন্য একজন তুলে নিয়েছে। সিমের মালিকানা প্রমাণের পর তাঁকে আবার সিমটি ফেরত দেওয়া হয়। এরপর তিনি দেখতে পান, তাঁর বিকাশ হিসাবে থাকা ২০ হাজার ৪০০ টাকা তুলে নেওয়া হয়েছে।
রবির এক বিবৃতিতে বলা হয়েছে, একটি সিম প্রতিস্থাপন করা হলে গ্রাহকের মোবাইল ব্যাংকিং হিসাব স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহককে তাঁর হিসাবের তথ্য আবার সেবাদাতা প্রতিষ্ঠানকে জানিয়ে হিসাবটি চালু করতে হয়। মোবাইল ব্যাংকিং হিসাব থেকে টাকা তোলার জন্য গ্রাহককে পাসওয়ার্ড ও পিন নম্বর ব্যবহার করতে হয়। এই পাসওয়ার্ড ও পিন নম্বর ব্যবহারকারী ছাড়া আর কারও পক্ষে জানা সম্ভব নয়। যে ঘটনার কথা এখানে বলা হয়েছে, তাতে অভিযুক্ত ব্যক্তিরা কীভাবে আরেকজন ব্যবহারকারীর বিকাশ হিসাবের পাসওয়ার্ড ও পিন নম্বর পেয়েছেন, সেটি স্পষ্ট নয়।
বিটিআরসি সচিব ও মুখপাত্র সরওয়ার আলম বলেন, জানতে চেয়ে রবিকে চিঠি দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।