সিরাজগঞ্জ ও ঝালকাঠিতে প্রতিমা ভাঙচুর
সিরাজগঞ্জ ও ঝালকাঠিতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজার এলাকায় এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের চক ফুলকোচা গ্রামে গত শনিবার রাতে এসব ঘটনা ঘটে।
প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, চক ফুলকোচা গ্রামের কুণ্ডুবাড়ি কালীমন্দির কমিটির সভাপতি অধীর কুমার কুণ্ডু ও সাধারণ সম্পাদক প্রভাষ কুণ্ডু জানান, গতকাল রোববার সকালে মন্দিরে প্রার্থনা করতে গিয়ে দুটি প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান তাঁরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু বলেন, ‘দুর্বৃত্তদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা বলেন, গতকাল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় অধীর কুমার কুণ্ডু মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও পিরোজপুর প্রতিনিধি জানান, ঝালকাঠির পোনাবালিয়া বাজারসংলগ্ন কালীমন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র দাস ও সদস্য লিটন শীল জানান, শনিবার রাতে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুরের সময় মন্দিরের সীমানাপ্রাচীরের থাম উপড়ে ফেলে এবং পূজায় ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়। গতকাল সকালে বিষয়টি দেখে পুলিশে খবর দেওয়া হয়। ঝালকাঠি জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকার বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছি।’
অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রকিব বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও মামলার প্রস্তুতি চলছে।