সিরাজগঞ্জ ও নাটোরে দুজনকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাদশা মিয়া নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাদশা মিয়া সদর উপজেলার চর মিরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
এদিকে নাটোরের সিংড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়েরা কুপিয়ে হত্যা করেছেন শামসুল ইসলাম নামের এক ব্যক্তিকে।
সিরাজগঞ্জ: থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাদশা মিয়া (৪০) তাঁর শ্বশুরবাড়ি উল্লাপাড়ার চকমোহনপুর গ্রামে একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। এক মাস আগে আলী আশরাফ, তুফান আলী ও নূর ইসলাম নামের কয়েকজন রাতে পুকুরে মাছ ধরতে গেলে বাদশা তাঁদের ধরে ফেলেন। বিষয়টি নিয়ে পরে বাদশা গ্রামে সালিসের চেষ্টা করেন। কিন্তু সালিস না হওয়ায় তাঁদের মধ্যে আবার দ্বন্দ্ব শুরু হয়।
গত শুক্রবার সন্ধ্যায় বাদশা মাছ পাহারা দেওয়ার জন্য পুকুরে যান। রাতে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। রাতেই এলাকাবাসী তাঁকে সিরাজগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত বাদশার স্ত্রী মায়া খাতুন গতকাল শনিবার থানায় হত্যা মামলা করেছেন। বাদশার সঙ্গে আগের ঘটনার সূত্র ধরে সন্দেহভাজন হিসেবে আলী আশরাফ, তুফান আলী ও নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
নাটোর: সিংড়া থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে রামানন্দখাজুরা ইউনিয়নের ভোগাবসন্তপুর গ্রামের শামসুল ইসলাম (৪২) বাড়ির পাশে বসে ছিলেন। এ সময় জমি নিয়ে আগের বিরোধের জের ধরে চাচাতো ভাই রুহুল আমিন ও তাঁর সমর্থকেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপান। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
অপহরণের ১২ দিন পর যুবক উদ্ধার: সিরাজগঞ্জের সলঙ্গা থেকে অপহরণের ১২ দিন পর এরশাদ আলম (৩২) নামের এক যুবককে উদ্ধার করেছেন র্যা ব-১২-এর সদস্যরা। এরশাদ সলঙ্গা থানার চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। গত শুক্রবার রাতে হাটিকুমরুল গোলচত্বর থেকে তাঁকে উদ্ধার করা হয়।
এরশাদের বড় ভাই আক্কাস আলী বলেন, এরশাদ গত ২৮ সেপ্টেম্বর বিকাশে ২১ হাজার টাকা ওঠানোর জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন সকালে বাবা বিল্লাল আকন্দ বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।