আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে সিরাজগঞ্জ সদর উপজেলায় ইউনুস আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন। এর আগে গত বুধবার রাতে পাবনার সাঁথিয়ায় জহিরুন নেছা (৩৫) নামের এক নারী স্বামীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে গতকাল নাটোরের বড়াইগ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে এক দিনমজুরকে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: সদর থানার পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার রতনকান্দি ইউনিয়নের আগবয়ড়া গ্রামের ইউনুস আলী ও সুজাবত আলী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সপ্তাহে দুই পক্ষের মারামারি হয়। এ ঘটনায় ইউনুসের করা মামলায় সুজাবতসহ তাঁর দলের কয়েকজন হাজতবাসও করেন। তিন দিন আগে জামিনে মুক্তি পান সুজাবত। গতকাল সকাল ১০টার দিকে তিনি দলবল নিয়ে ইউনুসের বাড়িতে হামলা চালান। এতে গুরুতর আহত ইউনুস ও তাঁর স্ত্রী মাজেদা বেগমকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে ইউনুস মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষই দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দিনভর কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাবনা: সাঁথিয়ার হইজোর গ্রামের বাসিন্দা সূত্র জানায়, স্থানীয় আবদুল রাজ্জাকের প্রথম স্ত্রী ছিলেন জহিরুন। সম্প্রতি তাঁর অমতে দ্বিতীয় বিবাহ করেন রাজ্জাক। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়াবিবাদ লেগেই থাকত। বুধবার রাত ১২টার দিকে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ঝগড়া থেমেও যায়। সকালে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা রাজ্জাক ও জহিরুনের ঘরে ঢুকে জহিরুনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, এ ঘটনায় নিহত নারীর বড় ভাই কুতুব উদ্দিন বাদী হয়ে রাজ্জাককে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকেই রাজ্জাক পলাতক।
নাটোর: বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, কয়েক দিন আগে উপজেলার প্রতাপপুর গ্রামে ছাগলে খেতের ফসল ক্ষতিগ্রস্ত করায় জমির মালিক স্থানীয় এসকেন্দার আলী গ্রামের বুকল (৮) নামের এক শিশুকে মারধর করেন। এসকেন্দার আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকায় এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। তারপরও শিশুটির চাচা শাহজাহান আলী (৪৫) তাঁর ভাতিজাকে মারধরের প্রতিবাদ করে এসকেন্দারকে বকাবকি করেন।
এরই জের ধরে গতকাল এসকেন্দার, তাঁর ছেলে রফিকসহ ১০-১২ জন শাহজাহানকে ধরে এনে এসকেন্দারের বাড়ির একটি ঘরে আটকে হাতুড়ি ও লাঠিপেটা করেন। একপর্যায়ে শাহজাহান সংজ্ঞা হারিয়ে ফেললে বাড়ির লোকজন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে শাহজাহানকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, শাহজাহানের মাথাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান হোসেন বলেন, আহত শাহজাহানের ছেলে আল-আমিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।