সিরাজগঞ্জ পৌর মেয়র বরখাস্ত
সিরাজগঞ্জ পৌরসভার মেয়র জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেছ আলীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌর বিভাগের উপসচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি পত্র গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, ছয়টি মামলায় মোকাদ্দেছ আলীর বিরুদ্ধে অভিযোগ থাকার পরিপ্রেক্ষিতে তাঁর মেয়র পদে থাকা পৌরসভা তথা জনস্বার্থের পরিপন্থী বলে প্রতীয়মান হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একই পত্রে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র সেলিম আহমেদকে মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, ‘মন্ত্রণালয় থেকে ফ্যাক্সযোগে পত্রটি পেয়েছি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলার অভিযোগপত্র হওয়ায় মন্ত্রণালয় থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে।’
এ বিষয়ে মোকাদ্দেছ আলী বলেন, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাকে সাময়িক বরখাস্ত করেছে। মিথ্যা মামলায় জড়িয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।’