সিরাজগঞ্জে অটোরিকশা ছিনতাইকারী আটক

চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে রকি মিয়া (২৪) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া মল্লিকপাড়ার এলাকাবাসী । গতকাল রোববার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রকি একই উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামের বাসিন্দা।
আহত অটোরিকশাচালক আনোয়ার হোসেনকে (৩৫) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের আবদুল মজিদের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রকিসহ চার যুবক সয়দাবাদ থেকে ভদ্রঘাট যাওয়ার কথা বলে আনোয়ারের অটোরিকশাটি ভাড়া নেন। ভদ্রঘাট থেকে আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার পথে মল্লিকপাড়া নামক ফাঁকা স্থানে গিয়ে অটোরিকশাটি থামাতে বলেন তাঁরা। পরে চালকের বুকে ও হাতে ছুরিকাঘাত করে। এ সময় তাঁর চিৎকার শুনে এলাকাবাসীরা এগিয়ে এসে রকিকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে আটক করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে।