সিরাজগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে জাটকা
সিরাজগঞ্জের যমুনা নদীর এলাকা থেকে অবাধে জাটকা শিকার করে বিভিন্ন হাটবাজারে খোলা অবস্থায় অবাধে তা বিক্রি হচ্ছে। সরকারি নিয়ম অমান্য করে এ কাজ করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
মৎস্যজীবী সমিতি ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, সদর, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার যমুনা নদীতে প্রতিদিন শত শত কারেন্ট আর ফাঁস জাল দিয়ে জাটকা শিকার করা হচ্ছে। প্রতিদিন ৩০ থেকে ৪০ মণ জাটকা কাজীপুরের মেঘাই, শুভগাছা, সোনামুখী, শাহজাদপুরের দিলরুবা, সদরের বড়বাজার, বেলকুচির মুকুন্দগাতীর আড়তে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাজীপুর উপজেলার নদীতে বেশি জাটকা ধরা হচ্ছে।
কাজীপুর উপজেলার তারাকান্দি মৎস্যজীবী সমিতির সভাপতি বিমলকুমার বলেন, এক শ্রেণির মৌসুমি জেলে কারেন্ট জাল দিয়ে এগুলো ধরছে। স্থানীয়ভাবে প্রচার না থাকায় তারা এ কাজ করছে।
কাজীপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, সব হাটবাজার জাটকায় ছেয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায় জাটকা ধরা বেড়েই চলেছে বলে জানান তিনি।
কাজীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, বিশাল যমুনা নদী এলাকায় সব সময় তদারক করা সম্ভব হয়ে ওঠে না। তার পরেও বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মেঘাই এলাকার মাছের আড়তগুলোতে জাটকা বিক্রির অপরাধে ১০ হাজার ৬০০ টাকা জরিমানা এবং অর্ধশত কারেন্ট ও ফাঁস জাল জব্দ করেন।