সিরাজগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গতকাল বৃহস্পতিবার পাল্টাপাল্টি হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ সময় আব্দুল হাকিম ওরফে শিমুল (৪২) নামের এক সাংবাদিক মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
গুলিবিদ্ধ সাংবাদিক হাকিম দৈনিক সমকাল-এর শাহজাদপুর প্রতিনিধি। তিনি উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মনোয়ার হোসেন বলেন, গুলি হাকিমের মাথার ডান পাশে বিদ্ধ হয়েছে। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান সুশান্ত কুমার সরকার জানিয়েছেন, হাকিমের অবস্থা সংকটাপন্ন। গুলি তাঁর মাথা ভেদ করে বেরিয়ে গেছে।
আহত বাকি চারজন হলেন শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদ (১৮), পৌর মেয়র হালিমুল হক পক্ষের হুমায়ূন আহমেদ, নূরুল হুদা ও মিস্ত্রি ডুবার। তাঁদের মধ্যে বিজয়কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বাকি তিনজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শাহজাদপুরের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র হালিমুল হকের ছোট ভাই হাফিজুল হক (৪০) পৌর শহরের কালীবাড়ি মোড়ে বিজয়কে মারধর করেন। খবর ছড়িয়ে পড়লে বিজয়ের সমর্থক, কলেজছাত্ররা ও মহল্লার লোকজন একযোগে বেলা তিনটার দিকে মেয়রের বাসায় হামলা চালান। এ সময় গুলিবর্ষণ ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন হাকিম।
ঘটনার প্রতিবাদে বিজয়ের কর্মী-সমর্থকেরা বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুরের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় একই সময়ে দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় সাংবাদিকেরা।
স্থানীয় সূত্রগুলো জানায়, সাত বছর আগে অনুষ্ঠিত পৌর নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান মেয়র হালিমুল হক এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রহিমের দ্বন্দ্ব আছে। এর জের ধরে মেয়রের ভাই হাফিজুল গতকাল আব্দুর রহিমের শ্যালক বিজয়কে মারধর করেন।
তবে আব্দুর রহিম বলেন, ‘দিলরুবা বাসস্ট্যান্ড থেকে উপজেলা সদর পর্যন্ত রাস্তার সংস্কারকাজ ঠিকাদার দিয়ে না করানোয় আমার শ্যালক বিজয় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করেছিল। এ কারণে ক্ষুব্ধ হয়ে মেয়র হালিমুল হকের ভাই হাফিজুল বিজয়কে মারধর করে হাত-পা ভেঙে দিয়েছে।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ বলেন, ‘অন্যায়ভাবে বিজয়কে মারধর করায় সাধারণ জনগণসহ কলেজের ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ওঠে। মেয়রের বাসার দিকে যাওয়ার সময় মেয়র ও তাঁর ভাই বাসার ভেতর থেকে গুলি ছোড়েন। এ সময় ছবি তুলতে গিয়ে সাংবাদিক গুলিবিদ্ধ হন।’
হাফিজুল ও বিজয়ের মধ্যে মারামারির কথা উল্লেখ করে পৌর মেয়র হালিমুল হক বলেন, ‘মারামারির কিছুক্ষণ পরই আব্দুর রহিমের লোকজন লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র হাতে আমার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গুলিবর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে আমিও বাড়ির ভেতর থেকে পাল্টা একটি ফাঁকা গুলি ছুড়েছি। তাঁদের ছোড়া গুলিতে আমার বাড়িতে থাকা হুমায়ূন আহমেদ, নূরুল হুদা ও আমার বাড়ির মিস্ত্রি ডুবার আহত হয়েছেন।’
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, হাফিজুলকে মেয়রের বাসা থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মেয়রের লাইসেন্স করা শটগানসহ একটি গুলির খোসা জব্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যা ব মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বিজয়ের পক্ষে স্থানীয় এরশাদ আলী মেয়র হালিমুল ও পিন্টুর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনের নামে একটি মামলা করেছেন। এ ছাড়া সাংবাদিক হাকিমের পক্ষেও মামলার প্রস্তুতি চলছে।