সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মো. শিপন তালুকদার (২০) নামের আরও এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এই সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল দুজনে।
নিহত শিপন কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাটি গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মো. জাহাঙ্গীর তালুকদারের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে শিপনের মৃত্যু হয়েছে। তাঁর মৃতদেহ বগুড়া থেকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত শেষে হিমাগারে রাখা হয়েছে। শিপনের বাবা মালয়েশিয়ায় আছেন। তিনি আগামীকাল শুক্রবার দেশে আসার পর শিপনের লাশ দাফন করা হবে। শিপন নিহতের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বরাদ্দকৃত বকশিশের টাকা ভাগাভাগি নিয়ে গতকাল বুধবার সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। বুধবার বিকেলে এ ঘটনায় ফরিদুল ইসলাম নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদুলের জানাজা শেষে তাঁকে পাইকোশা গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
ওসি বাসুদেব সিনহা জানান, ফরিদুলের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা দানেশ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় নয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা ও পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহমেদ ঘটনাস্থল কামারখন্দ উপজেলার পাইকোশা ও বাগবাটি গ্রাম পরিদর্শন করেন।