সিরাজগঞ্জে কৃষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রাম থেকে শফিকুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সদর থানার পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত শফিকুল ওই গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে।

এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শফিকুল গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়িতেই ছিলেন। কিন্তু আজ সকালে তাঁর বাড়ি থেকে একটু দূরে জমির আইলের ওপর শফিকুলের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। থানায় খবর দিলে বুধবার দুপুরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, নিহত ব্যক্তির শরীরে ও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। হত্যার প্রকৃত ঘটনা জানা না গেলেও ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো ঘটনার জের ধরে তাঁকে হত্যার পর ফেলে রাখা হয়েছে। তবে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।