সিরাজগঞ্জে গৃহবধূ খুন শ্বশুর গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশে গতকাল শুক্রবার এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম গোলাপী খাতুন (২১)। এ ঘটনায় গৃহবধূর শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী নগরের মহিষবাথান এলাকার একটি বাড়ি থেকে গতকাল দুপুরে গৃহকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আবদুল কাদের (৪৫)।
তাড়াশ থানার পুলিশ ও গৃহবধূর পরিবারের সূত্রে জানা গেছে, তালম ইউনিয়নের গুল্টা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামিম ভূঁইয়ার সঙ্গে দেড় বছর আগে পার্শ্ববর্তী মানিকচাপর গ্রামের আবদুল গফুরের মেয়ে গোলাপী খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা গোলাপীকে নির্যাতন করে আসছিলেন। গত বুধবার রাতে শামিম স্ত্রী গোলাপীকে মেরে গুরুতর আহত করেন। পরদিন রাতে শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। গতকাল শুক্রবার সকালে স্বামীর পক্ষের লোকজন তড়িঘড়ি করে গৃহবধূর লাশ দাফনের চেষ্টা করে। খবর পেয়ে গোলাপীর বাবা আবদুল গফুর পুলিশকে ঘটনা জানান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
থানার ওসি আতাউর রহমান বলেন, মারপিটের কারণে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলা করেছেন। শ্বশুর শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক আছেন।
রাজশাহী নগরের রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, মহিষবাথান এলাকার একটি বাড়ির ভেতর থেকে প্রধান ফটকে তালা লাগানো ছিল। কিন্তু বাড়িটি থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেন। সিঁড়িতে পড়ে থাকা অবস্থায় পুলিশ আবদুল কাদেরের লাশটি উদ্ধার করে। লাশের হাতে বাড়ির চাবি ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে হত্যা করা হয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বাড়ি নওগাঁ জেলার পোরশা উপজেলায়। কয়েক বছর আগে তিনি ও তাঁর ভাই হারুন-অর-রশিদ ওই বাড়িটি কেনেন। হারুন-অর-রশিদ তাঁর অংশ ভাড়া দিয়ে ঢাকায় বসবাস করেন। অবিবাহিত আবদুল কাদের তাঁর অংশের ফ্ল্যাটে একাই বসবাস করতেন।