সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে ওরস থেকে বাড়ি ফেরার পথে গতকাল শুক্রবার রাতে দুই সন্তানের মাকে ধর্ষণের অভিযোগে আজ শনিবার মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ছয় ব্যক্তি হলেন শাহজাদপুর উপজেলার বুলবুল, তোতা মিয়া, জুয়েল রানা, রতন, আলমগীর ও আলহাজ।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূ তাঁর স্বামীর সঙ্গে ওরস থেকে করতোয়া নদী পার হয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় ওই ছয়জন গৃহবধূর স্বামীকে মারধর করে আটকে রেখে তাঁকে ধর্ষণ করেন। স্বামী কৌশলে পালিয়ে বাড়িতে এসে লোকজনকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তোতা ও আলহাজকে আটক করেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর রাতে বাকি চারজনকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। এ মামলায় ওই ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য ধর্ষণের শিকার ওই নারীকে আজ সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।