সিরাজগঞ্জে জেএমবির প্রচার সম্পাদক আটক
সিরাজগঞ্জে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জেলা শাখার প্রচার সম্পাদক শফিউল ইসলাম ওরফে শফিকুলকে (৬০) আটক করছে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুরা গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুরা এলাকা থেকে শফিউল ইসলামকে আটক করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান বলেন, মহিষামুরা এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জেএমবির সংশ্লিষ্টতা ও নাশকতার অভিযোগে মামলাও রয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৪ জেএমবির সদস্যকে আটক করল সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু ইউসুফ জানান, শফিকুল ২০১২ সালে গঠিত সিরাজগঞ্জ জেলা শাখার জেএমবি কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। আটক জঙ্গি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী শফিউলকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময় থেকে তিনি জঙ্গিদের নানাভাবে প্রশিক্ষণ দিয়ে আসছিলেন।