সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ ১০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার ইসলামি জালশার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে একজনের মৃত্যুর জেরে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়েছে। গতকালের এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত ও প্রায় ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ইসলামি জালশার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ফুলবাড়ি ও বহুলি ইউনিয়নের তেলকুপি গ্রামের মধ্যে গত শুক্রবার সংঘর্ষ হয়। সংঘর্ষ চলার সময় ফুলবাড়ি গ্রামের হবিবর রহমান হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। পরে গত শনিবার তিনি মারা যান। এ ঘটনার পর দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনার জেরে গতকাল বেলা একটার দিকে ফুলবাড়ি গ্রামবাসী তেলকুপি গ্রামবাসীর ওপর দ্বিতীয় দফায় অতর্কিত হামলা চালায়। এ সময় পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এ সময় তেলকুপি গ্রামের প্রায় ১৫টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, এ ঘটনায় তেলকুপি গ্রামবাসীর পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।