সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি গ্রামে বিরোধপূর্ণ পুকুরে গত মঙ্গলবার মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়। তাদের মধ্যে শাহজাহান আলী নামের একজন গতকাল বুধবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে মারা গেছেন। এ খবর পাওয়ার পর প্রতিপক্ষের তিনটি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্ডিভোগ গ্রামের আমজাদ হোসেনের নেতৃত্বে পূর্বপাড়ার একদল বাসিন্দা নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের একটি পুকুর ইজারা নিয়ে সেখানে মাছ চাষ করে। কিন্তু গত মঙ্গলবার সকালে পশ্চিমপাড়ার লোকজন ওই পুকুরে মাছ ধরতে যায়। এতে পূর্বপাড়ার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শাহজাহান আলী (৪০), মোহাম্মদ রফিক (২৫), আবদুল হালিম (২৫), মোমিন মিয়া (২৮), রিনা বেগমসহ (২৬) অন্তত ১২ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাঁদের গুরুতর অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বুধবার সকালে শাহজাহানের মৃত্যু হয়।
অভিযোগ রয়েছে, শাহজাহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা প্রতিপক্ষ আবদুস সালাম ও তাঁর ভাই আবুল কালামের বাড়িতে হামলা চালায়। এ সময় তিনটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে অগ্নিসংযোগ করা হয়।
গতকাল এ ঘটনার পর স্থানীয় সাংসদ ম ম আমজাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মো. মোতাহার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। আবারও সংঘর্ষ এড়াতে গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুকুরটি নিয়ে আগ থেকে দুই পাড়ার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে সংঘর্ষ হয়। তা ছাড়া শাহজাহানের মৃত্যুর ঘটনায় হত্যা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।