সিরাজগঞ্জে দুই ব্যবসায়ী খুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ার দহকুলা গ্রামে এক চাল ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল শুক্রবার তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন তাড়াশের মহিষলুটি গ্রামে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
উল্লাপাড়ায় খুন হওয়া ব্যক্তির নাম শাহ আলম (৪৫)। তিনি দহকুলা গ্রামের বাসিন্দা। তাড়াশে উদ্ধার করা লাশটি মহিষলুটি গ্রামের শাহীন আলমের (৩০)।
সিরাজগঞ্জ রেলওয়ে থানা-পুলিশ (জিআরপি) ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে শাহ আলম মুঠোফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে আর ফিরে আসেননি। গতকাল সকালে স্থানীয় লোকজন তাঁর লাশ ঈশ্বরদী-ঢাকা রেলপথের দহকুলা রেলসেতুর কাছে পড়ে থাকতে দেখেন। সিরাজগঞ্জ জিআরপি থানায় খবর দেওয়া হলে দুপুরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বলেন, শাহ আলমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাঁকে হত্যা করে লাশ রেলপথে ফেলে থাকতে পারে।
এদিকে তাড়াশ থানার ওসি মনজুর রহমান বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে মহিষলুটির মাছের একটি আড়তে শাহীন আলমের ঝুলন্ত লাশ দেখতেপান স্থানীয় ব্যক্তিরা। তাঁরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশউদ্ধার করে। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিষলুটি গ্রামের আবদুস সালাম নামের এক ব্যক্তি বলেন, শাহীন আলমের সঙ্গে কারও শত্রুতা ছিল বলে তাঁরা জানতেন না।