সিরাজগঞ্জে দুজন খুন, দুই দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি ও রায়গঞ্জে পৃথক দুটি খুনের ঘটনার দুই দিন পরও কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ বলছে, দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা গেছে, বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চন্দনগাঁতী গ্রামের শুকুর আলীর ছেলে তাঁতশ্রমিক রাহেল হোসেন গত রোববার রাত নয়টায় বাড়ি থেকে বের হন। পরদিন সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে ধানখেত থেকে তাঁর গলাকাটা লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। সকাল সাড়ে নয়টায় পুলিশ লাশ উদ্ধার করে।
রাহেলের বাবা শুকুর আলী বলেন, ‘রাহেলের সঙ্গে এলাকার কারও বিরোধ ছিল না। বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। ছয় বছরের বিবাহিত জীবনে রাহেল নিঃসন্তান ছিল।’
একই রাতে বগুড়ার শেরপুর উপজেলার বেগারী গ্রামের অটোভ্যানচালক রঞ্জু হোসেন (২৮) রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে ভবানীপুরে রওনা হন। নিঝুরী এলাকায় পৌঁছানোর পর যাত্রীরা তাঁকে শ্বসরোধে হত্যার পর লাশটি সড়কের পাশে সেতুর নিচে ফেলে ভ্যানটি নিয়ে যায়। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন ধারণা করা হচ্ছে, পরকীয়ার জের ধরে রাহেলকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ওসি জানান, নিহত রাহেলের বাবা শুকুর আলী মামলা করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।
রায়গঞ্জ থানার ওসি রাশেদুল হাসান বিশ্বাস প্রথম আলোকে বলেন, রঞ্জুকে খুনের ঘটনায় তাঁর ভাই মাযহারুল ইসলাম একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।