সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ঝাঐল গ্রামের বাসিন্দাদের পিটুনিতে দুজন নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার ঝাঐল বাজারে একটি সোনার দোকানে চাঁদাবাজি করতে গেলে ওই দুজন গণপিটুনির শিকার হন। পরে একটি মরদেহ রেললাইনের ওপর ও অন্যটি রেললাইনের পাশে রাখা হয়। এতে ট্রেনে কাটা পড়ে একটি মরদেহ দ্বিখণ্ডিত হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
নিহত ব্যক্তিদের একজনের নাম মজনু মিলন (৩৫)। তাঁর বাড়ি ঝাঐলের পাশের ভারেঙ্গা গ্রামে। অন্য জনের পরিচয় গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝাঐল বাজারের গৌরী জুয়েলার্সের মালিক রামচন্দ্র দীর্ঘদিন ধরে মজনুসহ স্থানীয় কয়েকজন সন্ত্রাসীকে চাঁদা দিয়ে আসছিলেন। রামচন্দ্র অতিষ্ঠ হয়ে কিছুদিন আগে তাঁর দোকানটি পাশের এলাকা কড্ডা থেকে নিজ বাড়ির কাছে এই বাজারে স্থানান্তর করেন। তবু চাঁদাবাজি বন্ধ হয়নি। তিনি বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলে তাঁরা প্রতিরোধের সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মজনুসহ তিনজন মোটরসাইকেলে ঝাঐল বাজারে চাঁদা নিতে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের মধ্যে দুজনকে আটকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। অপরজন মোটরসাইকেলে পালিয়ে যান।
সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন প্রথম আলোকে জানান, রাত তিনটার দিকে জিআরপি পুলিশ রেললাইনের ওপর থেকে দ্বিখণ্ডিত মৃতদেহটি উদ্ধার করে। প্রায় একই সময় রেললাইনের পাশ থেকে অন্য মৃতদেহটি উদ্ধার করে কামারখন্দ থানার পুলিশ।
কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সরদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে।
ওসি বলেন, মজনু চিন্থিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে কামারখন্দ থানাসহ জেলার বিভিন্ন থানায় চাঁদাবাজি ও হত্যা মামলা রয়েছে।