সিরাজগঞ্জে দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে আজ সোমবার দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে গলা কেটে ও একজনকে শ্বাসরোধে হত্যা করা হয়। গতকাল রোববার রাতে এ হত্যাকাণ্ড দুটি ঘটে। আজ সকালে লাশ দুটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত দুজন হলেন বেলকুচি উপজেলার চন্দনগাঁতী গ্রামের শুক্কুর আলীর ছেলে রাহেল হোসেন (২৫) ও সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি গ্রামের ইসহাক আলীর ছেলে রঞ্জু হোসেন (২৮)। রাহেল তাঁতশ্রমিক ও রঞ্জু অটোরিকশাচালক ছিলেন।

থানার পুলিশ, নিহত দুজনের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রাহেল গতকাল রাত নয়টায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে ধানের জমিতে লাশ পড়ে থাকতে দেখে তাঁর বাড়ি ও পুলিশে খবর দেন এলাকাবাসী। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে। পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

অপর ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, গতকাল রাতে রঞ্জু অটোরিকশা নিয়ে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে গেলে ভবানীপুর যাওয়ার কথা বলে কয়েকজন তাঁর অটোরিকশাটি ভাড়া করে। নিঝুরি এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ওই দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশটি সড়কের পাশে সেতুর নিচে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। আজ সকালে এলাকাবাসী লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।

রায়গঞ্জ থানার ওসি রাশেদুল হাসান বিশ্বাস জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।