বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধের মধ্যে গতকাল শনিবার সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হন চালকসহ অপর পাঁচজন। আর ফেনীতে এক হিউম্যান হলারচালক দগ্ধ হয়েছেন পেট্রলবোমায়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন দুই সংবাদকর্মী।
গতকাল রাত পৌনে একটা পর্যন্ত ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি যাত্রীবাসী বাসে আগুন এবং সিলেটে একটি যাত্রীবাহী বাস ও ঝিনাইদহে একটি গরুবোঝাই ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এসব ঘটনায় কেউ হতাহত হননি।
এ ছাড়া গতকাল লক্ষ্মীপুরের একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যান ও দুটি অটোরিকশা এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। বরিশালের গৌরনদীতে লঞ্চে পেট্রলবোমা হামলায় আহত হয়েছেন দুজন।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ চলছে ২০ দলের ডাকে। তবে এর দুই দিন আগে থেকেই শুরু হয় সহিংসতা। গত ২৭ দিনের এই সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৩ জন। আগুন দেওয়া হয়েছে ৩৭১টি যানবাহনে এবং ভাঙচুর করা হয় আরও ৪৩৫টি।
রাজধানীর চিত্র: অবরোধের ২৬তম দিনে গতকাল বেলা দুইটার দিকে রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর আগে সকাল ১০টার দিকে ঢাকা জেলা দায়রা জজ আদালতের সামনের সড়কে সদরঘাট-গাবতলী পথে যাতায়াতকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাত আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ককটেল বিস্ফোরণে আহত হন বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার প্রতিবেদক জাহিদুল সেলিম (৩৩) ও ক্যামেরাম্যান মোয়াজ্জেম হোসেন (৩২)। জাহিদুলের কপাল ও মোয়াজ্জেমের পা ঝলসে গেছে। এ সময় পথচারীরা শরীফ জামান ও জাহিদ নামের দুই যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
আহত দুই সংবাদকর্মী ও হামলাকারী সন্দেহে আটক দুই যুবককে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গণপিটুনির শিকার দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক শরীফ জামান নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র বলে জানিয়েছেন।
ঢাকার সাভারের উলাইল এলাকায় রাত নয়টার দিকে মো. সুজন (১৮) নামে এক বাসযাত্রী দগ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সুজনের বাড়ি ফরিদপুরের সালথায়। বিকাশ পরিবহনের ভাড়া করা লাক্সারি পরিবহনের একটি বাস থেকে যাত্রী নামানোর সময় এ ঘটনা ঘটে। বাসটি ফরিদপুর থেকে ঢাকায় আসছিল। তবে বাসের কোনো ক্ষতি হয়নি।
ঢাকার বাইরের চিত্র: সিরাজগঞ্জ-কড্ডা সড়কের রামগাতীতে অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় একজন নিহত এবং চালকসহ অপর পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। পুলিশ জানায়, গতকাল রাত নয়টার দিকে কড্ডা থেকে একটি অটোরিকশা সিরাজগঞ্জ শহরে আসছিল। অটোরিকশাটি পৌর শহরের রামগাতী এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাতে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। মুহূর্তেই অটোরিকশাটিতে আগুন ধরে যায়। এ সময় চালকসহ ছয়জন গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে কুঞ্জু লাল দাসের ছেলে গণেশ দাস (৪২) মারা যান। তাঁর বাড়ি পৌর এলাকার বানিয়াপট্টি মহল্লায়। এ ঘটনায় চালক বাড়াকান্দির সায়েম উদ্দীন, যাত্রী শহরের মিরপুর মহল্লার সুবীর কুন্ডু, আলহাজ উদ্দীন, কান্দাপাড়া গ্রামের রকিবুল ইসলাম ও খোকসাবাড়ী এলাকার আবু সাঈদকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আবু সায়েম ও আলহাজ উদ্দিনকে ঢাকায় পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, অটোরিকশাটি উল্টে চাপা পড়ে ঘটনাস্থলে একজন নিহত হন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহাম্মদ আলী বাজারে গতকাল রাত আটটার দিকে দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী হিউম্যান হলারে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে গাড়িচালক আবুল কাশেমের (৪৫) মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ দগ্ধ হয়। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করান। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় গ্রামের অধিবাসী।
ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সন্ধ্যা সাতটার দিকে ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাকে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকে আগুন ধরে যায়। এ সময় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন পৌঁছে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওই ঘটনার পর যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের কে পি বসু সড়কে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। আগুনে কার্যালয়টির কিছু অংশ পুড়ে যায়। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা শহরের হাটের রাস্তায় অবস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেকের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। একই সময়ে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মসিউর রহমানের মালিকানাধীন মুক্তসমাজ মার্কেটের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনারের কার্যালয়ে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কেএমপি কমিশনার নিবাস চন্দ্র মাঝি জানান, রাত সাড়ে নয়টার তাঁর তিনতলার কক্ষের সামনে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। ওই সময়ে তিনি কক্ষের ভেতরে ছিলেন।
প্রায় একই সময়ে খুলনা নগরের লবণচোরা এলাকায় থেমে থাকা একটি কয়লাবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে অবরোধ-সমর্থনকারীরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভুলতা এলাকায় গ্লোরী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে যাত্রী তোলার সময় অবরোধ-সমর্থনকারীরা আগুন ধরিয়ে দেয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবেশে একটি অটোরিকশায় উঠে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। গতকাল বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ইউসুফ আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সিলেটে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে একটি বাস কয়েকজন যাত্রী নিয়ে জাফলং যাচ্ছিল। বাসটি বিকেল সাড়ে পাঁচটার দিকে সোবহানীঘাট মোড় দিয়ে যাওয়ার সময় রাস্তায় বাসে ওঠার জন্য হাত উঁচু করে দুই যুবক। বাসটি থামলে দরজার কাছাকাছি এসে যাত্রীদের বাস থেকে নামতে বলে তারা। কিন্তু যাত্রীরা নামার আগেই যুবকেরা পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তিন যাত্রীসহ চালক দ্রুত নেমে যান।
লক্ষ্মীপুরে সিমেন্টবোঝাই একটি কাভার্ড ভ্যান ও দুটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোররাতে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত সদর উপজেলার পোদ্দার বাজারে দাঁড়িয়ে থাকা সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ পুড়ে যায়। প্রায় একই সময়ে জকসিন-পোদ্দার বাজার সড়কের ওয়াইদপুর এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ছাড়া, গতকাল রাত সাড়ে আটটার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের মেঘনা সিনেমা হল এলাকায় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে দৃর্বৃত্তরা সিএনজিচালিত একটি অটোরিকশায় অগ্নিসংযোগ করে।
চট্টগ্রাম নগরের সিরাজদ্দৌলা সড়কের দিদার মার্কেট এলাকায় গতকাল বেলা একটার দিকে ৮-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় সেখান থেকে জামায়াতের এক কর্মীকে আটক করে পুলিশ। এরপর পাশের চন্দরপুরা দারুল উলুম মাদ্রাসায় অভিযান চালিয়ে আরও ৩৫ জনকে পুলিশ আটক করে।
রাজশাহীতে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের বের করা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে নগরের রাজারহাতা এলাকায় লোকনাথ স্কুলের সামনে ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের ১৪-১৫ জন কর্মী। পুলিশ তাঁদের দুই দিক থেকে ঘিরে ফেললে তাঁরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালান। তাঁদের ছোড়া দুটি হাতবোমা পুলিশের গাড়ির সামনে পড়ে বিস্ফোরিত হয়। এ সময় পুলিশ নওশাদ আলী ও সাইফুল ইসলাম নামে শিবিরের দুই কর্মীকে আটক করে।
বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-গৌরনদী নৌরুটে গত শুক্রবার রাতে ঢাকাগামী লঞ্চ এমভি মানসীতে পেট্রলবোমার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই যাত্রী আহত হন। লঞ্চের কেরানি মো. হুমায়ুন কবির জানান, লঞ্চটি ১২০-১৩০ জন যাত্রী নিয়ে আড়িয়াল খাঁর শাখানদী পালরদীর তীর ঘেঁষে যাচ্ছিল। এ সময় বিকট শব্দ শোনা যায়। ওপরে গিয়ে দেখা যায়, নদীর তীর থেকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় লঞ্চে আগুন ধরে গেছে। পরে লঞ্চের কর্মী ও যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় মামলা হয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে সাত-আটজনের একদল দুর্বৃত্ত নোয়াখালী শহরের দত্তেরহাট এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৩ কেভিএ সাব-স্টেশনের ফটকের সামনে গিয়ে ফটকের পকেট গেটে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা ফটকের দুই পাশে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ তালা ভেঙে পকেট গেট খুলে দেয়।
গতকাল বেলা ১১টার দিকে ককটেলের বিস্ফোরণ ঘটে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা সড়কে পিডিবির আবাসিক নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে।
কিশোরগঞ্জে রাত সোয়া নয়টায় আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]