সিরাজগঞ্জে পেট্রলবোমায় নিহত ১, দগ্ধ ৫
সিরাজগঞ্জের রামগাঁতীতে সিরাজগঞ্জ-কড্ডা সড়কে সিএনজি চালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় একজন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম গনেশ দাস (৪২)। তাঁর বাড়ি পৌর এলাকার বানিয়া পট্টি মহল্লায়।
দগ্ধ ব্যক্তিরা হলেন, অটোরিকশার চালক সায়েম উদ্দীন, যাত্রী সুবির কুণ্ডু, আলহাজ উদ্দীন, রকিবুল ইসলাম ও আবু সাঈদ। তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজন অবস্থায় আবু সায়েম ও আলহাজকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ রাত নয়টার দিকে কড্ডা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরে আসছিল। এটি পৌরশহরের রামগাঁতী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাতে পেট্রলবোমা মেরে পালিয়ে যায়। মুহূর্তেই অটোরিকশাটিতে আগুন ধরে যায়। আগুনে অটোরিকশার চালকসহ ছয়জন দগ্ধ হন। পরে এলাকাবাসী এসে তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে গনেশ দাস মারা যান।
সিরাজগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ সামসুদ্দীন জানান, দুজনের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অটোরিকশাটি উল্টে ঘটনা স্থলে একজন মারা গেছেন। আহতদের সিরাজগঞ্জ ও ঢাকায় পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের মেঘনা সিনেমা হল এলাকায় আজ রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তরা একটি অটোরিকশায় আগুন দেয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
কমলনগর থানার ওসি কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা সটকে পড়ে।