সিরাজগঞ্জে বিএনপি-যুবদল-ছাত্রদলের ৩ নেতা কারাগারে
গত বছর সরকারবিরোধী আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে বিভিন্ন নাশকতার অভিযোগে করা ১০টি মামলায় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁরা আদালতে হাজিরা দিতে গেলে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কোহিনূর আরজুমান এ আদেশ দেন।
কারাগারে পাঠানো এই তিন নেতা হলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন খান ও সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম।
বিএনপির দলীয় ও আদালত সূত্রে জানা গেছে, গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশের ওপর হামলা, ট্রেনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ নাশকতার বিভিন্ন অভিযোগে পুলিশ অনেকগুলো মামলা করে। এর মধ্যে ১০টি মামলায় আজ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের এই তিন নেতা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদর উপজেলা বিএনপির নেতা গ্রেপ্তার
এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, অমর কৃষ্ণ দাসের বিরুদ্ধে হরতাল ও অবরোধ চলাকালে নাশকতা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ ১১টি মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।