সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, হাসপাতাল বন্ধ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভুল চিকিৎসায় এক তরুণের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার মামলা হয়েছে। সিভিল সার্জনের কার্যালয় থেকে চিকিৎসাকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ওই ব্যক্তির নাম মনিরুল ইসলাম (২২)। তিনি রাজমিস্ত্রি ছিলেন। তিনি ধুকুরিয়া বেড়া গ্রামের শামসুল সরকারের ছেলে। তাঁর বড় ভাই আবদুল জলিল উপজেলা শহরের শেরনগর এলাকায় অবস্থিত বিসমিল্লাহ আধুনিক হাসপাতালের মালিক আবদুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।
ডেপুটি সিভিল সার্জন শাহজাহান আলী বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
এজাহার ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম প্রচণ্ড পেটের ব্যথায় গত ২ জুলাই ওই হাসপাতালে ভর্তি হন। হাসপাতালটির মালিক আবদুর রহমান চিকিৎসক না হলেও নিজেই রোগী দেখেন ও আল্ট্রাসনোগ্রাম করেন। আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে মনিরুলের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে উল্লেখ করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁর অস্ত্রোপচার করতে হবে বলে স্বজনদের জানানো হয়। ওই রাতেই সিরাজগঞ্জ সদর হাসপাতালের চাকরিচ্যুত চিকিৎসক নাজিমুল হককে দিয়ে অস্ত্রোপচার করানো হয়। এ সময় আবদুর রহমান নিজেই অবেদনবিদের দায়িত্ব পালন করেন। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হওয়ায় কৌশলে ছাড়পত্র দিয়ে মনিরুলকে ১২ জুলাই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে মনিরুলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কয়েক দিন পর তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় মনিরুলের পরিবার সিভিল সার্জন কার্যালয়ে ভুল চিকিৎসার অভিযোগ দিয়েছে। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আবদুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং চিকিৎসাকেন্দ্রটি বন্ধ করে দেন। পরদিন সকালে মনিরুল বাড়িতে মারা যান।
মনিরুলের মা সখিনা খাতুন ও বড় ভাই আবদুল জলিল বলেন, হাসপাতালের মালিক আবদুর রহমান চিকিৎসক নন। যে চিকিৎসককে দিয়ে অস্ত্রোপচার করানো হয়েছে, তিনিও শাহজাদপুরে অস্ত্রোপচারে রোগী মারা যাওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে চাকরিচ্যুত হয়েছেন। তাঁদের ভুল চিকিৎসার কারণেই রোগী মারা গেছে।
হাসপাতালের মালিক আবদুর রহমান বলেন, ‘আমি পরীক্ষা করিনি। সার্জন অপারেশন করেছেন। এ দায়িত্ব তাঁর।’ আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে স্বাক্ষর কার—এ প্রশ্নে তিনি কোনো উত্তর দেননি।
এ বিষয়ে অস্ত্রোপচারকারী চিকিৎসক নাজিমুল হকের মুঠোফোনে একাধিকার কল করা হলেও তিনি ধরেননি।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।